জাতিসংঘের সহায়তা মিশন

আফগানিস্তানের দায়িত্বে মাধবপুরের ফাতিমা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা। জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস গত বুধবার এ নিয়োগের ঘোষণা দেন। তার এ অর্জনে হবিগঞ্জের মাধবপুরবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। পেশাদার কূটনীতিক রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। তিনি এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশগুলোর উচ্চ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। তিনি আফগানিস্তানে ইউএনএএমএর নতুন প্রধান হিসেবে কানাডার জর্জেট গ্যানিওনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এদিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া চৌধুরী বাড়ির কৃতী সন্তান রাবাব ফাতিমার এ অর্জনে আনন্দিত এলাকার মানুষ বলছেন, এই নিয়োগের মাধ্যমে তিনি আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা কার্যক্রম, শান্তি ও রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা বলেন, রাবাব ফাতিমার এই সাফল্য শুধু মাধবপুর বা হবিগঞ্জ নয়, সমগ্র বাংলাদেশের জন্যও গর্বের। তরুণ প্রজন্মের জন্যও এটি অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত।

রাবাব ফাতিমার চাচাতো ভাই সুমন চৌধুরী বলেন, ‘আমাদের পরিবার ও মাধবপুরের সন্তান আজ বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আমরা বিশ্বাস করি তিনি দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করবেন।