ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অন্যতম অ্যালামনাই সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি। সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল এমপি, আইজিপি মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, সিটি ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ, জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল বিল্লাহ শিমুল। ক্লাবের গত পাঁচ বছরের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক মুহাম্মদ নজমুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা ৬৪০-এরও বেশি এবং এটি দেশের অন্যতম সক্রিয় অ্যালামনাই সংগঠনে পরিণত হয়েছে।

জাকারিয়া তাহের বলেন, দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের শিক্ষা সহায়তা, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান সরকার একটি দক্ষ, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে এবং এ ধরনের অ্যালামনাই সংগঠন সরকারের উন্নয়ন অভিযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তখনই পরিপূর্ণতা লাভ করে যখন প্রাক্তন শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে নেতৃত্ব দেয়। তিনি ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সফল ও সক্রিয় অ্যালামনাই সংগঠন হিসেবে উল্লেখ করে মেধাবী শিক্ষার্থীদের জন্য ক্লাবের স্কলারশিপ কার্যক্রমকে সাধুবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় ও ক্লাবের মধ্যে আরও নিবিড় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথিরা ক্লাবের পাঁচ বছরের সাফল্য, সামাজিক দায়বদ্ধতা এবং সদস্যদের ঐক্য ও নেতৃত্বের প্রশংসা করে বলেন, পেশাগত নেটওয়ার্কিংয়ের পাশাপাশি মানবিক ও কল্যাণমূলক কর্মকা- পরিচালনার মাধ্যমে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে এই সংগঠন জাতীয় উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্থায়ী বৃত্তি কর্মসূচি, বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন উদ্যোগ, শিল্পকলা ও আলোকচিত্র প্রতিযোগিতা এবং স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে স্থায়ী ক্লাব কমপ্লেক্স প্রতিষ্ঠা, স্কলারশিপ ফান্ড সম্প্রসারণ, আন্তর্জাতিক অ্যালামনাই নেটওয়ার্ক গঠন, ক্যারিয়ার উন্নয়ন কর্মসূচি এবং সদস্যসেবার পরিধি বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দাতা সদস্য, স্পন্সর ও করপোরেট পার্টনারদের সম্মাননা প্রদান করা হয়। ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের পক্ষে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

সাংস্কৃতিক পর্বে ওয়ার্দা রিহাব ও ধৃতি নর্তনালয়ের নৃত্য পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড সোলসের মনোমুগ্ধকর পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।