চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন ঘোষণা দিয়েছেন, সরকার নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করলেই তিনি মেয়রের পদ থেকে ইস্তফা দেবেন। অবিলম্বে চসিকের নতুন নির্বাচনের সময়সূচি ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় চসিকের ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়।
মেয়র শাহাদাত বলেন, ‘আমি কোনো অনৈতিক উপায়ে কিংবা জোর করে মেয়র পদে আসীন হইনি। দেশের প্রচলিত আদালতের সুনির্দিষ্ট আদেশে মেয়রের দায়িত্বভার গ্রহণ করেছি।’ তিনি বলেন, আদালত ২০২৯ সাল পর্যন্ত পুরো পাঁচ বছরের জন্য বৈধ মেয়র হিসেবে রায় দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার বিরুদ্ধে যদি কারও কোনো ক্ষোভ, অভিযোগ বা আপত্তি থাকে, তবে রাজনৈতিক মাঠ গরম না করে পুনরায় আদালতের শরণাপন্ন হতে পারেন।
নগরবাসীর জন্য একটি টেকসই ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়ে তিনি বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলগমীরের কাছে চসিকের নতুন নির্বাচন দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। আমি একটি সম্পূর্ণ বৈধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই, যেখানে দেশের সব রাজনৈতিক দল অংশ নেওয়ার সাংবিধানিক অধিকার পাবে এবং নগরবাসী স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন।
চসিকের বর্তমান প্রশাসনিক সংকটের কথা তুলে ধরে মেয়র বলেন, বর্তমানে ওয়ার্ডগুলোতে নির্বাচিত কাউন্সিলর না থাকায় বিশাল এই মহানগরের দৈনন্দিন দাপ্তরিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কাউন্সিলররা মাঠে থাকলে এখন যে নাগরিক সেবা দেওয়া হচ্ছে, তার চেয়ে বহুগুণ বেশি ও মানসম্মত সেবা দেওয়া সম্ভব হতো বলে তিনি মন্তব্য করেন।