রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর ঐতিহ্যবাহী সিমসন ঘাট পুনরায় চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন নৌকা মাঝিরা। গতকাল সকালে নদীতে নৌকা চলাচল বন্ধ রেখে কেরানীগঞ্জের গুদারাঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় নৌকা মাঝিরা দ্রুত সিমসন ঘাট পুনরায় চালুর পাশাপাশি সদরঘাট টার্মিনালের ৪ ও ৫ নম্বর পন্টুন অপসারণের দাবি জানান। তাদের অভিযোগ, সিমসন ঘাট বন্ধ হওয়ায় যাত্রী পারাপার কমে গেছে। এতে তাদের আয় কমার পাশাপাশি কেরানীগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীরাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আন্দোলনরত মাঝিরা জানান, প্রায় ২০০ বছরের পুরনো সিমসন ঘাট বুড়িগঙ্গা নদীতে খেয়া পারাপারের অন্যতম ঘাট। কিন্তু ঘাটটি বন্ধের ফলে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ঘাট মাঝি শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন কিসলু অভিযোগ করে বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন নৌপরিবহনমন্ত্রী এবং বিআইডব্লিউটির কয়েকজন কর্মকর্তা সদরঘাটের লঞ্চ মালিকদের সঙ্গে অনৈতিক সমঝোতার মাধ্যমে একতরফাভাবে সিমসন ঘাট বন্ধ করে দেন। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে স্থবির অবস্থা নেমে আসে এবং নদীতে মাঝিদের নৌ পারাপারে যাত্রীও কমে যায়।