নরসিংদীর শিবপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, শিবপুরের আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিজ নরসিংদী হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে ও স্বাধীন একই গ্রামের আসাদ উল বেপারীর ছেলে।
পুলিশ ও নিহতের বন্ধুরা জানায়, আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজে। এদিন তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। তারা বাজনাব এলাকায় পৌঁছলে শিবপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
একই দিন সকালে পোড়াদিয়া-বেলাবো সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় নছিমন উল্টে চালক শাওন নিহত হয়েছে। পুলিশ সূত্র যায়, সকালে জীবিকার সন্ধানে নছিমন নিয়ে মনোহরদী উপজেলা থেকে বেলাবোর উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে রাধাখালী ব্রিজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ গাড়ির একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন চালক ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়। নিহত শাওন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামের ফারুক হোসেনের ছেলে। বেলাব থানার ওসি আমান উল্লাহ বলেন, চালক নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার বাঘবের খড়িয়াপাড়া নিবাসী অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং অটোরিকশা যাত্রী শহিদুল ইসলাম (৪০)। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাত আড়াইটার মধ্যে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। পরে তিনি অটোরিকশাচালক কামরুল হোসেনকে নিয়ে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে বালুর স্তূপের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি।