বন্দি পলায়নের ঘটনায় বরখাস্ত ৭ কর্মকর্তা-কর্মচারী

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের দেওয়াল টপকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মোসা. মেরিনা ও মোসা. রেহেনা। এ ছাড়া বরখাস্ত চার নারী কারারক্ষী হলেন মোসা. শায়লা, মোসা. শারমিন, মোসা. জেমি এবং আসমা খাতুন।

কারাগার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কারাগারের অভ্যন্তরে প্রায় ৪০ জন নারী বন্দিকে বিভিন্ন কাজে নিয়োজিত করা হয়েছিল। এ সময় দায়িত্বপ্রাপ্তদের তদারকির ফাঁক গলে মোছা. রিম্পা নামে এক সাজাপ্রাপ্ত বন্দি পালিয়ে যান।

পলাতক রিম্পার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকায়। তিনি ঢাকার ধানম-ি থানার ভ্রাম্যমাণ আদালতের রায়ে তিন মাসের কারাদ-প্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দ- ভোগ করছিলেন।

কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় গত শুক্রবার বিকেলে থানায় মামলা হয়েছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রশাসনিক তদন্তও চলছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট সাত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।