ফুটবল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পাশে ইসরায়েল

আজ রবিবার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পরাশক্তি স্পেন। হাইভোল্টেজ এই ট্রফি নির্ধারণী ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে নিজের সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান। ওই বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। বার্তা পেয়ে নেতানিয়াহু আর্জেন্টিনার প্রেসিডেন্টকে একজন সত্যিকারের ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান যে ইসরায়েল সব সময়ই আর্জেন্টিনার পাশে আছে এবং ফাইনাল ম্যাচের জন্য তাদের প্রতি শুভকামনা রইল।

চলতি এই ফাইনাল ম্যাচটিকে অনেকে মাঠের লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক ও প্রতীকী লড়াই হিসেবেও দেখছেন। কারণ ইসরায়েল ইস্যু নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের কূটনৈতিক অবস্থানের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। ফলে ফুটবল মাঠের এই মহারণকে ঘিরে দুই দেশের ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে।

এদিকে মেগা ফাইনালকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা সমালোচনা চলছে। আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে বেশ কিছু সমালোচনামূলক মন্তব্য দেখা গেছে। পাশাপাশি এই ম্যাচটিকে ঘিরে ইন্টারনেটে কিছু ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর ঘটনাও নজরে এসেছে। সব মিলিয়ে মাঠের ফুটবল ছাপিয়ে আর্জেন্টিনা ও স্পেনের এই ফাইনাল ম্যাচটি এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।