মালিতে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৫০ সেনা নিহত হয়েছেন। পশ্চিম আফ্রিকার এই দেশটির উত্তরাঞ্চলে সশস্ত্র তুয়ারেগ এ হামলা চালায়। স্থানীয় ও সামরিক সূত্রগুলো জানিয়েছে এ সময় আরও অন্তত ২৪ সেনাকে বন্দী করা হয়।
এএফপিকে আজ রবিবার সূত্রগুলো জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর আনেফিস থেকে সেনারা সরে যাওয়ার সময় তাঁদের বহরে হামলা চালানো হয়।
ক্ষমতাসীন সামরিক জান্তার ঘনিষ্ঠ এক স্থানীয় জনপ্রতিনিধি বলেন, হামলায় হতাহতের সংখ্যা অনেক বেশি। ৫০ জনের বেশি সেনা নিহত হয়েছেন। অন্তত ২৪ জনকে বন্দী করা হয়েছে।
’স্থানীয় সূত্রগুলোর মতে, সাম্প্রতিক বছরগুলোয় মালির সেনাবাহিনীর ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি।
সামরিক একটি সূত্র এএফপিকে বলেন, আনেফিস থেকে গাওয়ের উদ্দেশে রওনা হওয়া আমাদের সেনাবহরে আজ সকালে তাবানকোর্তের কাছে হামলা চালানো হয়েছে। লড়াই এখনো চলছে। এটি ছিল ওৎ পেতে থাকা হামলা।’ এফএলএর একটি সূত্রও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নিরাপত্তা সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সেনাবাহিনী বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে, যদিও বহরের বাকি অংশ যাত্রা চালিয়ে যেতে পেরেছে।
গত ১০ জুলাই কয়েক দিনের তুমুল লড়াইয়ের পর মালির সেনাবাহিনী ও রুশ আধা সামরিক বাহিনী আফ্রিকা কোরের সদস্যরা আনেফিসের নিয়ন্ত্রণ ফিরে পায়। ২০১২ সাল থেকে মালিতে চলা জিহাদি বিদ্রোহ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটি।