ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তসহ কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫১ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২০ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় কসবা উপজেলার চন্ডিদার ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, বাজি, তালা, স্কিন ক্রিম, গাঁজা ও একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫০ লাখ ৯৯ হাজার ১০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার, মাদক, নারী ও শিশু পাচার এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।