টেকনাফে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সম্মাননা

কক্সবাজারের টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যের স্বীকৃতি হিসেবে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মুহূর্তে আনন্দ, গর্ব ও করতালিতে মুখরিত হয় অনুষ্ঠানস্থল। 

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, কক্সবাজার জেলার মধ্যে একটি বিদ্যালয় থেকে একসঙ্গে ১৪ জন শিক্ষার্থীর ট্যালেন্টপুল বৃত্তি অর্জন নিঃসন্দেহে গৌরবের এবং অনুকরণীয় সাফল্য। এই অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের ত্যাগ এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম সমানভাবে ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিজিবি ও বিদ্যালয় কর্তৃপক্ষ একযোগে কাজ করে যাচ্ছে। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা।

শিক্ষক-শিক্ষিকারা বলেন, একটি বিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল ফলাফলে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই প্রকৃত শিক্ষা। সেই লক্ষ্য বাস্তবায়নে টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

বক্তারা বলেন, এই অর্জন শুধু ১৪ জন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়, এটি বিদ্যালয়, অভিভাবক ও সমগ্র টেকনাফবাসীর জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও এই শিক্ষা প্রতিষ্ঠান আরও বেশি মেধাবী শিক্ষার্থী গড়ে তুলে জেলার শিক্ষা অঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির কল্যাণে তাদের সফল অবদান এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি কামনা করেন। 

পরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন, এবং সফল আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।