স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবাপাচার, আটক ৩

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম

কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় দুই নারীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার  ইয়াবা, চারটি মোবাইল ফোনসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রাবার বাগান এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। 
  
আটকরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম (২২) ও ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার উষা (১৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো তিনটি পোটলা থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি স্মার্টফোন, গাড়ির ফিটনেস সনদ এবং ট্যাক্স টোকেনও জব্দ করা হয়েছে।

তিনি জানান, সরকারি সংস্থার স্টিকার ওরা কিভাবে পেলো এবং এর সঙ্গে কারা কারা জড়িত জানতে কাজ করছে ডিএনসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত