পিরোজপুরে হাসনাত আব্দুল্লাহ

ছোট দল হওয়ায় সংসদে সময় দেওয়া হয় না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘জাতীয় সংসদে এনসিপির ছয়জনের প্রশ্নের উত্তর দিতে অনেক বাঘা বাঘা নেতার ৪৫ মিনিট সময় লাগে। ছোট দল হওয়ার কারণে অনেক সময় সংসদে পর্যাপ্ত সময় দেওয়া হয় না। আমরা শুরু করেছি ছয়জন দিয়ে। জনগণের সমর্থন পেলে খুব অল্প সময়ের মধ্যে সেই সংখ্যা ১৬০-এ পৌঁছাবে।’

গতকাল সোমবার বিকেল ৫টায় পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুন্নায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামিম হামিদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব মাইনুল আহসান মুন্না।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যখন আমাদের বাবারা ভাববেন তাদের সন্তানদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে, পুলিশ সদস্যরা ভাববেন তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করতে হবে, তখনই সংসদে আমাদের ১৬০ জন প্রতিনিধি থাকবে। আমাদের কোনো ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নেই, কোনো মিডিয়া মাফিয়ার কাছেও মাথা নত করব না। আমরা জনগণের সমর্থন চাই।’