সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করে খুনের অভিযোগ উঠেছে। নিহত ইলিয়াস ওই গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ খুনের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, এদিন বিকেলে স্থানীয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে নিহত ইলিয়াস খানের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ও তার কিশোর ছেলে সিয়াম আহমেদ উপর্যুপরি ছুরিকাঘাত করে ইলিয়াস খানকে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল ও সিয়াম আহমেদ পলাতক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।