সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত

অবশেষে চূড়ান্ত হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু। দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। টুর্নামেন্টের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হবে আগামী ২৫ জুলাই ঢাকায়। এরপর ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার অফিসিয়াল ড্র অনুষ্ঠান।

সাফের সব সদস্য দেশই এবারের চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে বড় এই আসর ঘিরে ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বছরের পর বছর ধরে এই টুর্নামেন্ট দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। এই প্রতিযোগিতার সঙ্গে আমাদের আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে।”

তিনি আরও বলেন, ২০২৬ ফিফা বিশ্বকাপ সদ্য শেষ হওয়ার পর সাফ চ্যাম্পিয়নশিপের এই ঘোষণা দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উত্তেজনার। বাংলাদেশে ফুটবলের প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দেশটি একটি সফল ও জমকালো টুর্নামেন্ট আয়োজন করবে।

আয়োজক হিসেবে বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ সাফ চ্যাম্পিয়নশিপকে সফলভাবে সম্পন্ন করা। আগামী দিনগুলোতে টুর্নামেন্টের বিভিন্ন আয়োজন ও প্রস্তুতি নিয়ে আরও তথ্য প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে ২০১৮ সালের পর বাংলাদেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনকে ঘিরে ফুটবলপ্রেমীদের অপেক্ষা ও উত্তেজনা আরও বাড়বে।