শিল্পা-রাজের মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের

সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের নিয়ে বিতর্কিত কনটেন্ট তৈরির প্রবণতার মাঝে বড়সড় পদক্ষেপ করল মুম্বাই সিটি সিভিল কোর্ট। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা এবং তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার করা ১৫ কোটি টাকার মানহানির মামলায় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমিতা যাদবের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। 

পাশাপাশি শমিতাকে শিল্পা-রাজের বিরুদ্ধে আর কোনো মানহানিকর কনটেন্ট প্রকাশ বা প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিতর্কের কেন্দ্রে থাকা তাঁর দুটি ইনস্টাগ্রাম রিল অবিলম্বে সরিয়ে ফেলতেও বলা হয়েছে। 

গত এপ্রিল মাসে শিল্পা ও রাজ কুন্দ্রা দেওয়ানি মানহানির মামলা দায়ের করে দাবি করেন, শমিতা যাদব তার ১৬ লক্ষ ফলোয়ার-সমৃদ্ধ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত দুটি ভিডিওর মাধ্যমে তাদের মিথ্যাভাবে অপরাধী হিসেবে তুলে ধরেছেন। 

মামলায় অভিযোগ করা হয়, একাধিক ভিত্তিহীন দাবি তুলে ধরে রাজ কুন্দ্রাকে নাবালকদের টার্গেট করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে শিল্পা শেঠির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনকে উসকে দেওয়া এবং জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়েছে। বিতর্কিত একটি রিলে ৩.৬৪ লক্ষেরও বেশি লাইক পড়ে, ফলে সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে শিল্পা ও রাজের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আদালতে দাবি করেন তাঁদের আইনজীবীরা।