২০২৬ ফিফা বিশ্বকাপ পরবর্তী সময়ে আন্তর্জাতিক ফুটবলের ডাগআউটে শুরু হয়েছে বিশাল এক রদবদল। ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও জার্মানি তাদের জাতীয় দলের দায়িত্ব তুলে দিচ্ছে দুই কিংবদন্তি কোচের হাতে, আর ঠিক তখনই ইতালিতে পেপ গার্দিওলাকে নিয়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন।
দিদিয়ে দেশমের দীর্ঘ ১৪ বছরের সফল অধ্যায়ের অবসানের পর ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন কিংবদন্তি ফুটবলার ও কোচ জিনেদিন জিদান। ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো ও ফরাসি দৈনিক লিকিপের তথ্য অনুযায়ী, ৫৪ বছর বয়সী জিদান ২০৩০ সালের জুন পর্যন্ত চার বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করেছেন। ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করবেন তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা জেতা জিদানের জন্য এটিই প্রথম কোনো জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা হতে যাচ্ছে।
২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পর জুলিয়ান নাগেলসম্যান পদত্যাগ করলে নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে বেছে নেয় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। রেড বুলের 'হেড অব গ্লোবাল সকার' পদ থেকে ক্লপের সরে দাঁড়ানোর ব্যাপারে সমঝোতা সম্পন্ন হয়েছে। ডাইনামিক এই কোচের সাথে ২০৩০ পর্যন্ত চুক্তি হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে স্কাই স্পোর্টস জার্মানি। সাবেক শিষ্য ও ২০১৪ বিশ্বকাপ জয়ের নায়ক মারিও গোটজে ক্লপকে স্বাগত জানিয়ে বলেছেন, “মানুষ ও খেলোয়াড়দের মানসিকতা নিয়ন্ত্রণ করতে ক্লপের চেয়ে সেরা কেউ নেই।”
এবার কি ইতালির জাতীয় দলে পেপ গার্দিওলা?
টানা তিনটি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া এবং ইউরো প্লে-অফে হেরে জেনারো গাত্তুসোর বিদায়ের পর চরম সংকটে ইতালি। বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান ফেরাতে বড় চমক দেওয়ার পথে এগোচ্ছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। সম্প্রতি সাবেক অধিনায়ক পাওলো মালদিনিকে জাতীয় দলে টেকনিক্যাল ডাইরেক্টর নিয়োগ দিয়েছে তারা। দায়িত্ব পেয়েই মালদিনি এবং তাঁর উপদেষ্টা লিওনার্দো বার্সেলোনায় গিয়ে পেপ গার্দিওলার সাথে তিন দিনব্যাপী বৈঠক করেছেন বলে জানিয়েছে স্কাই ইতালি। ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ ১০ বছরের সাফল্যময় ক্যারিয়ার শেষে মে মাসে ছুটি নেন ৫৫ বছর বয়সী গার্দিওলা।
ইতালিয়ান ভাষায় পারদর্শী এবং খেলোয়াড় হিসেবে ব্রেসিয়া ও রোমায় খেলার অভিজ্ঞতা থাকায় ইতালি তাকে প্রথম পছন্দ হিসেবে দেখছে। যদিও তিনি আপাতত ছুটিতে থাকতে চান, তবে মালদিনিদের এই প্রস্তাব সফল হলে ১৯৬০-এর দশকের পর গার্দিওলাই হবেন ইতালি জাতীয় দলের প্রথম বিদেশি কোচ।