সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় ওই যুবকে চোখে গুরুতর আঘাত লেগেছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া-জামতৈল রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় পৌছানোর পর এ ঘটনা ঘটে। আহত সাব্বির হোসেন(২২) জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, সাব্বির হোসেন অন্য যাত্রীদের মতই ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য এ ট্রেনের উঠেছিলেন। ট্রেনটি সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশন পাড় হয়ে কামারখন্দের জামতৈল স্টেশন এলাকার মাঝামাঝি এলাকায় পৌছানোর পর হঠাৎ বাইরে থেকে ছোরা একটি পাথর তার ডান চোখে এসে আঘাত করে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে তিনি গুরুতর আহত হন। এ সময় ট্রেনের ভেতরে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ট্রেনটি জামতৈল স্টেশনে পৌছালে দ্রুত চিকিৎসার জন্য আহত সাব্বির হোসেনকে জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া ও জামতৈলের মাঝামাঝি এলাকায় পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ সময় একটি পাথর সাব্বিরের ডান চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, আঘাতে তার ডান চোখের মারাত্মক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, দ্রুতযান এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হন। তাকে জামতৈল স্টেশনে নামিয়ে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, আহত যাত্রীকে প্রথমে কামারখন্দ উপজেলার আলোকদিয়ার খোকন মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করেন। আমরা আহত ওই যুবককে ঢাকায় পাঠিয়েছি।