সিএসই-৩০ ইনডেক্স সমন্বয় বাদ পড়ল চার কোম্পানি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে চারটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং আগের চারটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। এ তালিকা আগামী ৩০ জুলাই থেকে কার্যকর হবে। গতকাল মঙ্গলবার সিএসইর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন যুক্ত কোম্পানিগুলো হলো গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।

বাদ যাওয়া কোম্পানিগুলো হলো ক্রাউন সিমেন্ট পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি।

সিএসই জানিয়েছে, সিএসই-৩০ ইনডেক্স-এ অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৪৪.৬৯ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ৪৩ দশমিক ১৩ শতাংশ।