আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং দেশের অন্যতম আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এভারকেয়ার হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গতকাল মঙ্গলবার রিহ্যাবের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং এভারকেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক ও করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান এ এম আবুল কাশেম রনি।
এর আওতায় রিহ্যাবের সদস্য, সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আইনগত নির্ভরশীলরা এভারকেয়ার হাসপাতালের নির্ধারিত বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা, ডায়াগনস্টিক সুবিধা, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য চিকিৎসাসেবায় বিশেষ করপোরেট সুবিধা ও মূল্যছাড় পাবেন। বিভিন্ন ক্যাটাগরিতে এই মূল্য ছাড় হবে সর্বোচ্চ ৫২শতাংশ।
অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, ‘আবাসন শুধু ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান, নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই আমাদের সদস্য এবং তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও রিহ্যাবের দায়িত্বের অংশ। এভারকেয়ার হাসপাতালের সঙ্গে এই সমঝোতা সদস্যসেবাকে আরও সমৃদ্ধ করবে। আমরা বিশ্বাস করি, একটি সুস্থ কর্মশক্তিই একটি টেকসই ও শক্তিশালী আবাসন শিল্প গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। ভবিষ্যতেও সদস্যকল্যাণে রিহ্যাব আরও কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করবে।’