ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় সজিব মীর (৩০) নামে এক যুবদল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার কামারখালী টোল প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কামারখালী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর কামারখালী টোল প্লাজার সামনে এসে পৌছালে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকটির পেছনের চাকা সজিব মীরের মাথার ওপর দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ওই স্থান থেকে পালিয়ে যায়।
নিহত সজিব মীর মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমের জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সজিব মীরের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সজীব মীর স্ত্রী, সাত বছর বয়সী এক ছেলে এবং ২ মাস বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোক ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার আছরের নামাজের পর উজানদিয়া ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মধুখালী থানা পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।