ফরিদপুরের সদরপুরে মা-ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে দুই জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় লক্ষাধিক মিটার অবৈধ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দ করা জালের একাংশ পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
সোমবার (২১ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সদরপুর উপজেলার চরমানাইর, নারিকেলবাড়িয়া ও চরনাসিরপুর ইউনিয়নসংলগ্ন পদ্মা ও আড়িয়াল খাঁ নদে এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিনের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার ও সদরপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের সময় দুই জেলেকে আটক করা হয়। তারা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার চারিপাড়া এলাকার রব মোল্লার ছেলে রমজান মোল্লা (২৫) এবং একই উপজেলার সিঙ্গাইরহাটি এলাকার রজব আলী মৃধার ছেলে আলাউদ্দিন (৩০)।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই জেলেকে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ করা জালের একাংশ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় আটক দুই জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধার করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা-ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদ-নদীতে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা-ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।