গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

গোপালগঞ্জে আদালত চলাকালীন সময়ে বিচারকের ছুড়ে দেয়া পেপার ওয়েটের আঘাতে মাথা ফেটেছে এক শিক্ষানবীশ নারী আইনজীবীর। মাথায় আঘাতপ্রাপ্ত ওই আইনজীবীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিচারকের এমন অপ্রত্যাশিত ব্যবহারের জন্য আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বুধবার (২২ জুলাই) আদালত চলাকালীন সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ, আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়ার আদালত চলাকালীন সময়ে আদালত কক্ষের বসার বেঞ্চের পিছনের দিকে আইনজীবীদেরকে কথা বলতে দেখে বিচারক মো. সুজন মিয়া কাঁচের পেপার ওয়েট আইনজীবীদেরকে লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লেগে তার মাথা ফেটে যায়। তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জুলকদর রহমান তীব্র ক্ষোভ ও বিচারকের এমন ব্যবহার অনাকাঙ্ক্ষিত হিসাবে উল্লেখ করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাড. এম এ আলম সেলিম ক্ষোভ ও নিন্দা জানিয়ে এ ঘটনার তদন্ত ও বিচার দাবি জানান।

এ বিষয়ে বিচারক মো. সুজন মিয়ার সাথে মোবাইল ফোনে এবং হোয়ার্টস অ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।