আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে দেশের পুঁজিবাজারে গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি বন্ড ও অন্যান্য থিমেটিক বন্ডের বাজার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বুধবার (২২ জুলাই) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জুলাই কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অংশ নেন।
এদিকে, আইএমএফের ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের টিম লিডার সুপাচোল সুপাচালাসাইয়ের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে।
বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থায়ন কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে গ্রিন বন্ড ও সাসটেইনেবিলিটি বন্ড বাজারের বিকাশ, সাসটেইনেবল ফাইন্যান্স ট্যাক্সোনমির অগ্রগতি, বন্ড ইস্যুতে ভেরিফিকেশন প্রক্রিয়া, ইমপ্যাক্ট রিপোর্টিং, এক্সটার্নাল রিভিউ ব্যবস্থার উন্নয়ন, সম্ভাব্য ইস্যুকারীদের প্রস্তুতি এবং বিনিয়োগকারীদের চাহিদা মূল্যায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করে। বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থায়ন ও জলবায়ু-সহনশীল বিনিয়োগ ব্যবস্থা শক্তিশালী করতে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত উন্নয়ন এবং বাজার অবকাঠামো শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)