নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত ছাড়

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম

পুঁজিবাজারে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি এবং আনরিয়ালাইজড লস সমন্বয়ের জন্য ২০৩০ সাল পর্যন্ত সময় নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সময়ের মধ্যে পর্যায়ক্রমে বিদ্যমান ঘাটতি সমন্বয় করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

এ জন্য ২০২৭ সাল থেকে প্রতিবছর অন্তত ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। তবে চলতি বছরে নতুন করে কোনো নেগেটিভ ইক্যুইটি তৈরি হলে তা ২০২৬ সালের মধ্যেই সমন্বয় করতে হবে।

এদিকে নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিনিয়োগকারীদের ওপর কোনো ধরনের আর্থিক দায় চাপানো যাবে না বলে নির্দেশনা দিয়েছে কমিশন। এসব হিসাবে মার্জিন ঋণের সুদ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপও বন্ধ থাকবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসইসির ১ হাজার ৩৮তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হিসাবে যে পরিমাণ নেগেটিভ ইক্যুইটি থাকবে, সেটিই সমন্বয়ের ভিত্তি হিসেবে বিবেচিত হবে। ওই পরিমাণের ওপর ২০২৭ সাল থেকে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। এভাবে ২০৩০ সালের মধ্যে পুরো নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানের জন্য এরই মধ্যে সমন্বয়ের সময় বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সিদ্ধান্তই কার্যকর থাকবে।

অন্যদিকে, ৩০ সেপ্টেম্বরের নির্ধারিত হিসাবের বাইরে ২০২৬ সালে নতুন কোনো নেগেটিভ ইক্যুইটি তৈরি হলে তা একই বছরের মধ্যে সমন্বয় করতে হবে। নতুন করে সৃষ্ট এই ঘাটতির ক্ষেত্রে পরবর্তী বছরগুলোতে প্রভিশন সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না।

নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের ক্ষেত্রে শর্ত

নেগেটিভ ইক্যুইটি থাকা বিও হিসাবের বিনিয়োগকারীদের জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করেছে বিএসইসি।

- এসব হিসাবে থাকা শেয়ার বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনা যাবে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করতে পারবেন।
- নতুন করে কেনা এসব শেয়ারের বিপরীতে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না।
- নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের কোনো লেনদেন ব্লক মার্কেটে করা যাবে না।
- প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের পুরো সময় এসব হিসাবে মার্জিন ঋণের সুদ এবং পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না।
- এসব হিসাবের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দায়ী করা যাবে না। তাদের ওপর কোনো আর্থিক দায়ও চাপানো যাবে না।
- বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার নগদ লভ্যাংশ ঘোষণা কিংবা বিতরণ করতে পারবে না।

এদিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ বিষয়ে ইস্যুয়ার কোম্পানি ও স্টক এক্সচেঞ্জগুলোর জন্য সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে কমিশন।

যেসব বন্ডের ক্ষেত্রে বিএসইসির সম্মতিপত্রে এটিবিতে তালিকাভুক্তির শর্ত ছিল, কিন্তু এখনো তালিকাভুক্ত করা হয়নি, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের

একই সময়ের মধ্যে বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে ইস্যুয়ার কোম্পানির কোনো পরিচালক যে ব্যাংকের পরিচালনা পর্ষদে রয়েছেন, সেই ব্যাংকে কোম্পানির ডিভিডেন্ড হিসাব পরিচালনার ওপর থাকা বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এ জন্য ২০২১ সালের ১৪ জানুয়ারি জারি করা কমিশনের নির্দেশনা এবং পরবর্তী সময়ে করা সংশোধনীতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। এ বিষয়ে নতুন নির্দেশনা জারির দিন থেকেই সিদ্ধান্তটি কার্যকর হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত