কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তলসহ মাহবুব সম্রাট নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল এ তথ্য জানিয়েছেন।
বুধবার উপজেলার থৈরখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহবুব সম্রাট (৩৪) তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন মুকবুল মেম্বারের ছেলে ও সন্ত্রাসীদের হাতে নিহত মামুন সম্রাটের ছোট ভাই।
পুলিশ সুপার মো.ইব্রাহিম খলিল জানান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম গোপন খবর পেয়ে উপজেলার থৈরখোলা গ্রামের আকবর আলী শাহ মৎস চাষ প্রকল্প অফিসের পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর দাড়িয়ে থাকা মাহাবুব সম্রাট পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাশি করে। এসময় তার কোমর থেকে গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদ সম্মেলনে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।