পাসপোর্ট সূচকে উন্নতি বাংলাদেশের

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে গত বছরের চেয়ে তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। গত মঙ্গলবার লন্ডনভিত্তিক বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স পাসপোর্টের এই আন্তর্জাতিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছেÑ কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য। সূচকটি তৈরিতে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) টিম্যাটিক ডেটাবেজের তথ্য ব্যবহার করা হয়েছে। নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্ট এখন একই অবস্থান আছে। বাংলাদেশের নিচে আছে কেবল নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান। তবে এবারের সূচকেও যথারীতি শীর্ষে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশ ভ্রমণ করতে পারেন। আর সবার শেষে আফগানিস্তান।

সূচকে প্রকাশিত তথ্য বলছে, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন; যদিও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা গত বছর আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৭টি দেশে ভ্রমণ করতে পারতেন। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। ২০২৪ সালেও ৯৭তম অবস্থানে ছিল বাংলাদেশ। তার আগে সর্বশেষ ২০২০ সালে এই সূচকে বাংলাদেশ ৯৮তম অবস্থানে ছিল। পরের তিন বছর-২০২১,২০২২ ও ২০২৩ সালে সূচকে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে-১০৮তম, ১০৩তম ও ১০১তম। অন্যদিকে ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম।

বরাবরের মতো এই সূচকের শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে আছে এশিয়ার আরও তিন দেশÑ জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ১৮৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন এ তিন দেশের পাসপোর্টধারীরা। সূচকে তৃতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ-সুইডেন; দেশটির পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। চতুর্থ অবস্থানে আছে মোট ১১টি দেশ-বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এবারের সূচকে পঞ্চম অবস্থানে আছে পাঁচটি দেশ-অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড।

দক্ষিণ এশিয়ার মধ্যে এই সূচকে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে মালদ্বীপের পাসপোর্ট। ৫২তম অবস্থানে থাকা মালদ্বীপের নাগরিকরা ৯৩টি গন্তব্যে আগাম ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান। এই অঞ্চলে ভারতের অবস্থান ৮১তম। ভারতীয় পাসপোর্টধারীরা ৫৫টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই বা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান। শ্রীলঙ্কা আছে ৯৪তম স্থানে, তাদের নাগরিকরা ৩৯টি গন্তব্যে এ সুবিধা পান।