মানুষ সামাজিক জীব। পারস্পরিক বিশ্বাস, সম্মান ও নিরাপত্তার ভিত্তিতেই একটি সুন্দর সমাজ গড়ে ওঠে। কিন্তু যখন মানুষের ব্যক্তিগত বিষয়, গোপন কথা বা দুর্বলতা প্রকাশ্যে এনে তাকে বিব্রত করা হয়, তখন সেই বিশ্বাস ভেঙে যায় এবং সমাজে অশান্তি, বিভেদ ও বিদ্বেষের জন্ম হয়। তাই ইসলাম মানুষের জীবন, সম্পদ ও সম্মানের মতো তার গোপনীয়তারও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছে। একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো, তিনি নিজের গোপন বিষয় যেমন সংরক্ষণ করেন, তেমনি অন্যের গোপনীয়তাকেও আমানত মনে করে রক্ষা করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘হে ইমানদাররা! তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো। নিশ্চয়ই কোনো কোনো ধারণা গুনাহ। আর তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না।’ (সুরা হুজুরাত ১২)
এই আয়াতে মহান আল্লাহ সন্দেহ প্রবণতা ও গোপন অনুসন্ধানকে নিষিদ্ধ করেছেন। কারণ মানুষের দোষ খুঁজে বেড়ানো কিংবা ব্যক্তিগত বিষয় জানার কৌতূহল সমাজে অবিশ^াসের বিষ ছড়িয়ে দেয়।
অন্যত্র মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা আমানত যথাযথভাবে তার প্রাপকের কাছে পৌঁছে দাও।’ (সুরা নিসা ৫৮) মানুষের ব্যক্তিগত তথ্য, পারিবারিক বিষয় কিংবা একান্ত কথোপকথনও একটি আমানত। আমানতের খেয়ানত যেমন হারাম, তেমনি গোপনীয়তা নষ্ট করাও গুরুতর অপরাধ।
হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো ব্যক্তি যখন একটি কথা বলে চারদিকে তাকায় (যাতে অন্য কেউ না শোনে), তখন সেই কথাটি আমানত।’ (সুনানে আবু দাউদ) কত সুন্দর শিক্ষা! একজন মানুষ মুখে ‘এ কথা কাউকে বলবেন না’ না বললেও তার ভঙ্গি যদি বোঝায় যে এটি ব্যক্তিগত কথা, তবে সেটিও গোপন রাখা আবশ্যক।
হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন।’ (সহিহ মুসলিম) এ হাদিস আমাদের শেখায়, অন্যের ত্রুটি প্রচার করা নয়, বরং সংশোধনের সুযোগ করে দেওয়াই মুমিনের চরিত্র।
আজকের ডিজিটাল যুগে গোপনীয়তা রক্ষা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারও অনুমতি ছাড়া তার মোবাইল দেখা, ব্যক্তিগত বার্তা পড়া, ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া, গোপনে অডিও রেকর্ড করা কিংবা সামাজিক মাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা ইসলামি আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। একটি অসতর্ক পোস্ট, একটি স্ক্রিনশট অনেক সময় একটি পরিবার, একটি সম্পর্ক কিংবা একটি জীবনের শান্তি নষ্ট করে দিতে পারে।
ইসলাম অন্যের ঘরে প্রবেশের ক্ষেত্রেও গোপনীয়তার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, তোমরা নিজদের গৃহ ছাড়া অন্য কারও গৃহে প্রবেশ করো না, যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদের সালাম দেবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো।’ (সুরা নুর ২৭) এ নির্দেশ কেবল ঘরে প্রবেশের শিষ্টাচার নয়, বরং ব্যক্তিগত পরিসর ও মর্যাদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত।
স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্কেও গোপনীয়তা রক্ষা অপরিহার্য। দাম্পত্য জীবনের একান্ত বিষয় অন্যের কাছে প্রকাশ করা ইসলামে কঠোরভাবে নিন্দিত। কারণ পরিবার টিকে থাকে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর। সেই বিশ্বাস ভেঙে গেলে সংসারের ভিত্তিও দুর্বল হয়ে পড়ে।
আজ অনেকেই অন্যের ভুল, দুর্বলতা কিংবা ব্যক্তিগত তথ্যকে বিনোদনের উপকরণ বানিয়ে ফেলেছে। অথচ একজন মুমিন মানুষের দুর্বলতাকে উপহাস করেন না, বরং ঢেকে রাখেন। তিনি মানুষের সম্মান রক্ষা করেন, কারণ তিনি জানেন, আজ যার দোষ প্রকাশ করছি, কাল হয়তো আল্লাহ আমার দোষ প্রকাশ করে দিতে পারেন।
একজন শিক্ষক শিক্ষার্থীর, একজন চিকিৎসক রোগীর, একজন আইনজীবী মক্কেলের, একজন সাংবাদিক তথ্যদাতার এবং একজন বন্ধু বন্ধুর গোপন বিষয় রক্ষা করবেন, এটাই ইসলামের শিক্ষা। বিশ্বস্ততা হারিয়ে গেলে মানুষ তার সবচেয়ে মূল্যবান সম্পদ হারায়।
অন্যের গোপনীয়তা রক্ষা কেবল একটি নৈতিক শিক্ষা নয়, এটি ইমানের দাবি। যে সমাজে মানুষ একে অপরের ব্যক্তিগত বিষয় নিরাপদ মনে করে, সে সমাজে ভালোবাসা, সহযোগিতা ও ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়। আর যেখানে গোপন তথ্য ফাঁস করা, অপপ্রচার চালানো এবং ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করা অভ্যাসে পরিণত হয়, সেখানে অশান্তি ও অবিশ্বাসই প্রাধান্য লাভ করে।
আসুন, আমরা কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের চরিত্র গড়ে তুলি। অন্যের সম্মানকে নিজের সম্মানের মতো মূল্য দিই। কারও ব্যক্তিগত বিষয় জানলেও তা প্রচার না করি, অনুমতি ছাড়া কারও তথ্য সংগ্রহ না করি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আল্লাহভীতি ও দায়িত্বশীলতার পরিচয় দিই। মনে রাখি, মানুষের গোপনীয়তা রক্ষা করা মানুষের প্রতি অনুগ্রহ নয়, এটি মহান আল্লাহর নির্দেশ পালন এবং একজন মুমিনের উত্তম চরিত্রের পরিচয়। মহান আল্লাহ আমাদের সবাইকে আমানতদার, বিশ্বস্ত ও গোপনীয়তা রক্ষাকারী বানিয়ে দিন। আমিন।
লেখক : মুহাদ্দিস ও শিক্ষা সচিব, জামিয়া দারুল হিকমাহ, কেওয়া, শ্রীপুর, গাজীপুর