সাম্যের জয় হোক সত্যের জয় হোক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মকে মঞ্চে তুলে ধরতে ও সাধারণ দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’। ‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক জয় হোক’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৫ জুলাই শনিবার থেকে ২৮ জুলাই মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে চলবে এই মহোৎসব। নজরুল চর্চাকেন্দ্র ‘বাঁশরী’র আয়োজনে কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসবে মোট ১০টি নাট্যদলের নতুন ১০টি নাটক পরিবেশিত হবে।

শনিবার বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহিন। ‘বাঁশরী’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. প্রকৌশলী খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। স্বাগত বক্তব্য দেবেন উৎসব সমন্বয়ক ও নাট্যনির্দেশক গোলাম সারোয়ার।

চার দিনের এই উৎসবে প্রদর্শিত নাটকগুলোর মধ্যে রয়েছে সাজ্জাদ সাজু নির্দেশিত বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘বনের মেয়ে পাখি’, গোলাম সারোয়ার নির্দেশিত বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘আলেয়া’ ও ‘সেতু-বন্ধ’, সোনিয়া খান নির্দেশিত বরিশাল শিশু থিয়েটারের ‘পুতুলের বিয়ে’, ধীমানচন্দ্র বর্মণ নির্দেশিত রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ‘বউয়ের বিয়ে’, নূর হোসেন রানা নির্দেশিত জেনেসিস লিটল থিয়েটার গ্রুপের ‘সকাল বেলার পাখি’, শাহানা মনি নির্দেশিত মাতৃভূমি কালচারাল একাডেমি সিরাজগঞ্জের ‘পুতুলের বিয়ে’, হাসান ফেরদৌস নির্দেশিত বহর নাট্য নৃত্যদলের ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’, নৌশিন নাওয়ার মাসুদ পৃথিবী নির্দেশিত ‘ভোর হলে কুষ্টিয়া’র ‘পুতুলের বিয়ে’ এবং শামীমা আক্তার মুক্তা নির্দেশিত মেঠোপথ থিয়েটারের ‘হারাধনের বিয়ে’।

উৎসবের প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত নাট্যশালার মূল হল প্রাঙ্গণ মঞ্চে থাকবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। এসব আয়োজনে অংশ নেবে বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী পরিষদ, কাব্য কুহক, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সমন্বয় পরিষদ, বাঁশরীর শিল্পীবৃন্দ, সুরনন্দন-নজরুলসংগীত চর্চাকেন্দ্র, গে-ারিয়া কিশলয় ললিতকলা কেন্দ্র, জেমস অব নজরুল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী সংস্থা, গ্রহস্বর ও কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমি খিলগাঁও শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পুরো আয়োজন সঞ্চালনা করবেন টিটো মুন্সী ও আইরিন পারভীন লোপা।

উৎসব সম্পর্কে বাঁশরীর সভাপতি ড. প্রকৌশলী খালেকুজ্জামান জানান, নজরুল ইসলামের তুলনামূলক কম আলোচিত নাট্যকর্মগুলোকে দর্শক-শ্রোতার সামনে নিয়মিত তুলে ধরার ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব সমন্বয়ক গোলাম সারোয়ার জানান, লুপ্তপ্রায় লেটো শিল্প আঙ্গিককে নাগরিক সমাজে তুলে ধরা এবং নাট্যকার হিসেবে কাজী নজরুলের অনন্য মেধার বিকাশ ও প্রকাশ ঘটাতেই এই বিশেষ আয়োজন।