পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতে বসছে বিশেষ সংগীত আয়োজন ‘বাংলা লাইভ’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন রকস্টার জেমস। একই মঞ্চে বিশেষ পরিবেশনা নিয়ে হাজির হবেন চিত্রনায়ক জায়েদ খান।
ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে এবারই প্রথম পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ খান। বিষয়টি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে এই অভিনেতা জানান, প্রবাসী দর্শকদের সামনে ভিন্নরকম এক অভিজ্ঞতা দিতে তিনি প্রস্তুত। অন্যদিকে আয়োজকদের প্রত্যাশা, জেমসের কালজয়ী ও জনপ্রিয় গানগুলোর পাশাপাশি জায়েদ খানের উপস্থিতি পুরো আয়োজনে এনে দেবে নতুন মাত্রা।
লিসবনের প্রবাসী বাঙালিদের অন্যতম মিলনমেলা হতে যাওয়া এই কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে ‘কাসা দো বাংলাদেশ’ ও ‘নোটিসিয়া বাংলা’। লিসবনের জনপ্রিয় ভেন্যু ‘লিসবোয়া উয়ু ভিভো’তে বিকেল ৫টা থেকে শুরু হবে এই মাহেন্দ্রক্ষণ। পর্তুগালের মাটিতে এ যাবৎকালের সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন হতে যাচ্ছে এটি।