আলোচনায় পূজা হেগড়ে

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৭ এএম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে আবারও আলোচনায়। তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে পারেন তিনি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরিচালক লোকেশ কানাগারাজের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘এএ২৩’-এর নায়িকা হিসেবে পূজাকে নেওয়ার বিষয়ে জোর আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এর আগে ‘ডিজে : দুভ্বাডা জগন্নাধম’ এবং ব্লকবাস্টার ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’ সিনেমায় আল্লু অর্জুন ও পূজা হেগড়ের রসায়ন দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ফলে সম্ভাব্য এই পুনর্মিলনের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, ‘এএ২৩’ সিনেমাটি লোকেশ কানাগারাজের অন্যতম বড় বাজেটের প্রকল্প হতে যাচ্ছে। চিত্রনাট্যের কাজ এগিয়ে চলছে এবং খুব শিগগিরই ছবিটির কাস্ট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

অন্যদিকে পূজা হেগড়েও বর্তমানে একাধিক বড় বাজেটের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তামিল, তেলুগু ও হিন্দি ভাষার চলচ্চিত্রেই নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। এমন ব্যস্ততার মধ্যেও ‘এএ২৩’-এ তার সম্ভাব্য অন্তর্ভুক্তির খবর ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

যদিও নির্মাতা বা অভিনেত্রী, কেউই এখনো বিষয়টি নিশ্চিত করেননি, তবু আল্লু অর্জুন ও পূজা হেগড়ের জনপ্রিয় জুটিকে আবারও বড় পর্দায় দেখার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যে সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক চর্চা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত