বাজারের ব্যাগে শিশু, ৩৩ বছর পর পুনরাবৃত্ত ছবি

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একটি বাজারে ১৯৮৭ সালে তোলা হয়েছিল মজার একটি ছবি। বাজার করতে ব্যস্ত এক তরুণী মা, আর তার পাশে বড় স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগের ভেতর বসে আছে এক বছরের শিশু।

ছবির নারীর নাম মার্তি। ব্যাগে থাকা শিশুটি তার মেয়ে এনিকো। আর ছবিটি তুলেছিলেন মার্তির স্বামী, হাঙ্গেরীয় আলোকচিত্রী আতিলা মানেক।

প্রথম ছবিটি বুদাপেস্টের মিউজিয়াম বুলেভার্ড এলাকায় তোলা হয়েছিল। ওই এলাকার কাছাকাছিই পরিবারটি বসবাস করত।

আতিলা ছবিটির মাধ্যমে কর্মজীবী মায়েদের চাপ তুলে ধরতে চেয়েছিলেন। কর্মস্থলের দায়িত্ব শেষ করেও যাদের সন্তান সামলানো, বাজার করা ও সংসারের কাজ চালিয়ে যেতে হয়। একটু মজা করতেই ছোট্ট এনিকোকে বড় ব্যাগের মধ্যে বসানো হয়েছিল।

ছবিটি বহু বছর ধরে একটি পুরনো আলোকচিত্র হিসেবেই ছিল। কিন্তু তিন দশকের বেশি সময় পর সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই মার্তির চেহারার সঙ্গে প্রিন্সেস ডায়ানার মিল খুঁজে পান। আবার শিশুকে বাজারের ব্যাগে বহনের দৃশ্য দেখে বিস্মিত ও মুগ্ধ হন অনেকে। ছবিটি এত জনপ্রিয় হয়ে ওঠে যে মানুষ জানতে চায়- সেই মা ও শিশুটি এখন কোথায় আছেন, কেমন আছেন?

শেষ পর্যন্ত ২০২০ সালে আতিলা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ছবিটি নতুন করে তোলার সিদ্ধান্ত নেন। ৩৩ বছর পর তারা যান বুদাফোকের একটি বাজারে। একই ধরনের ভঙ্গি ও পরিবেশে পুনর্নির্মাণ করা হয় পুরনো মুহূর্তটি।

তবে এবার ব্যাগে বসার বয়স আর ছিল না এনিকোর। ৩৩ বছর বয়সী এনিকো তখন রসায়নে উচ্চশিক্ষিত একজন বিজ্ঞানী, যিনি ন্যানোপ্রযুক্তি নিয়ে কাজ করছিলেন। নতুন ছবিতে তিনি হাতে নিজের শৈশবের সেই বিখ্যাত ছবিটি ধরে দাঁড়ান। পাশে ছিলেন মা মার্তি, আগের মতোই হাসিমুখে। ছোট্ট মেয়েটি বড় হয়েছে, মায়ের চেহারায় বয়সের ছাপ পড়েছে, শহর ও জীবনও বদলেছে। কিন্তু মা-মেয়ের মধ্যে সেই পরিচিত উষ্ণতা অটুট রয়েছে।

১৯৮৭ সালের ছবিটি ছিল একজন কর্মজীবী মায়ের ব্যস্ত জীবনের হাস্যরসাত্মক প্রতিচ্ছবি। আর ২০২০ সালের ছবিটি হয়ে উঠেছে সময়, পরিবার ও স্মৃতির এক চমৎকার দলিল।