প্রথমবার বাবা হচ্ছেন জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তার স্ত্রী তাহসিন তামান্না। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেবি বাম্পের কয়েকটি ছবি প্রকাশ করেন তাহসিন তামান্না। ছবিগুলোর সঙ্গে আবেগঘন ক্যাপশনে তিনি লেখেন, ‘আমরা তোমার ছোট্ট ছোট্ট লাথিগুলো গুনছি, তোমার জন্য প্রার্থনা করছি, আর স্বপ্ন দেখছি তোমার ছোট্ট মুখটি দেখার।’
এই পোস্ট প্রকাশের পর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন দম্পতি। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সহকর্মীরাও তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। গত বছরের ২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর প্রকাশ করে সবাইকে চমকে দেন মিজানুর রহমান আরিয়ান।
পরে তিনি জানান, তার স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। প্রায় সাত বছর আগে তাদের পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় পরিণত হয় ভালোবাসায়। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।