দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম এখন ঢাকায়। বুধবার (২২ জুলাই) দিবাগত ঢাকায় পৌঁছান তিনি। আগামীকাল শুক্রবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত ক্রিকেটার্স একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার বহুল কাঙ্ক্ষিত গান পরিবেশনা ‘আতিফ আসলাম লাইভ ইন ঢাকা’।
গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আতিফ আসলামের এই কনসার্ট পিছিয়ে যাওয়া কিংবা বাতিল হওয়া সংক্রান্ত নানা গুঞ্জন ছড়ালেও তা পুরোপুরি সত্য নয় বলে নিশ্চিত করেছে আয়োজক সংস্থা ‘মেইন স্টেজ ইনকর্পোরেশন’। তাদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্ট পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারেই অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সরকারি ও প্রশাসনিক সমস্ত আইনি অনুমতি সংগ্রহ করার পাশাপাশি ভেন্যুর সার্বিক প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিনিধিরা জানান, বৈশ্বিক খ্যাতিসম্পন্ন শিল্পী আতিফ আসলামের ঢাকা সফর ঘিরে সকল প্রস্তুতি সুচারুভাবে শেষ করা হয়েছে। দর্শকেরা নির্দিষ্ট দিনেই সরাসরি মঞ্চে তাঁর অসাধারণ পরিবেশনা উপভোগ করতে পারবেন।
আয়োজকরা আরও জানান, বিগত বছরে শেষ মুহূর্তে তাদের একটি বড় কনসার্ট বাতিল হওয়ায় ব্যবসায়িক ও প্রশাসনিক দিক থেকে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছিল। অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার একদম শুরু থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা ও আইনি অনুমোদন সম্পন্ন করা হয়েছে। ফলে এবার কোনো অনাকাঙ্ক্ষিত বাধা তৈরি হওয়ার সুযোগ নেই বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।