অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কুমিল্লার মুরাদনগরে দুই বালু ব্যবসায়ীকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ১৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দন্ডপ্রাপ্তদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলো- পীর কাশিমপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে হান্নান (২৮) এবং আব্দুর রহমানের ছেলে ইয়াসিন (২৯)।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, উপজেলার আকবপুর ইউনিয়ন এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে দুই বালু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে অবৈধপন্থায় বালু উত্তোলণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে বাঙ্গরা বাজার থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।