ব্রাহ্মণচাপিতলার এরশাদ হত্যা মামলায় আরও ১ জন গ্রেপ্তার 

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ব্রাহ্মণচাপিতলা গ্রামে সংঘটিত অটোরিকশা চালক এরশাদ মিয়া হত্যা মামলার আরো ১ জন আসামি ওয়ারিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ জুলাই) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারিশ ব্রাহ্মণচাপিতলা গ্রামের জহর সরকারের ছেলে। এর আগে গত ১৪ এপ্রিল হত্যাকাণ্ডের পরপরই সন্দেহের ভিত্তিতে সাবিবর (২৫) নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের জিজ্ঞাসাবাদে সাব্বিরের স্বীকারোক্তিতে আরও কয়েকজনের নাম বেরিয়ে আসে। সেই তথ্যের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলমের নির্দেশনায় এসআই ফেরদৌস রনি ও এএসআই আল আমিনসহ সঙ্গী ফোর্স ব্রাহ্মণচাপিতলা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ওয়ারিশকে গ্রেপ্তার করে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম বলেন, এরশাদ মিয়া হত্যা মামলায় এ পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বীকারোক্তি অনুযায়ী বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা দ্রুতই সবাইকে আইনের আওতায় আনবো।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে বাঙ্গরা বাজার থানাধীন ব্রাহ্মণচাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে কৃষক মো. হক মিয়ার ছেলে অটোরিকশা চালক এরশাদ মিয়ার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত