নারায়ণগঞ্জে শিল্প-কারখানা ও বসতবাড়িতে তীব্র গ্যাস সংকট

নারায়ণগঞ্জে গত দুই দিন ধরে শিল্প-কারখানা ও বসতবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্পমালিকদের দাবি, গ্যাসের সংকটের কারণে শিল্প উৎপাদন স্বাভাবিকের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে আবাসিক এলাকায় গ্যাসের স্বল্পতায় চরম দুর্ভোগে পড়েছেন গৃহিণীরা। বিশেষ করে কর্মজীবী মানুষকে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়ায় শ্রমিকদের আয়ও কমে যাচ্ছে। এছাড়া সিএনজি ফিলিং স্টেশনগুলোও চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকেরা।

শ্রমিকরা জানান, ভোরে রান্না করতে গিয়ে অনেক সময় গ্যাস পাওয়া যায় না। ফলে বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এতে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। অন্যদিকে গ্যাস ও বিদ্যুতের সংকটে কারখানার উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের উপার্জনও কমছে। অনেক ক্ষেত্রে ডাইং কারখানায় কাপড় নষ্ট হচ্ছে, ফলে রপ্তানি চালান (শিপমেন্ট) ব্যাহত হচ্ছে।

বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গত দুই দিন ধরে তিতাসের গ্যাস সরবরাহে সংকট দেখা দিয়েছে। এর ফলে শিল্প-কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের সংকটে শিল্প উৎপাদন প্রায় ১৫ থেকে ২০ শতাংশে নেমে এসেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা আশ্বস্ত করেছেন, আগামী দু-এক দিনের মধ্যে গ্যাস সংকট অনেকটাই কমে আসবে।