নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের সামান্য ধাক্কা লাগার জেরে প্রাইভেটকার চালকের কিল-ঘুষিতে রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে. ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে (৫০) গ্রেপ্তার করেছে।
বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে নগরীর শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রফিক পটুয়াখালী জেলার সদর উপজেলার গেরাখালী এলাকার বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নাঈমের গ্যারেজ থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্বজনদের অভিযোগ, রফিক একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ঘটনার সময় তার অটোরিকশায় একজন নারী যাত্রী ছিলেন। পথে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সামান্য সংঘর্ষ হলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রাইভেটকার চালক রফিককে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। এতে তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, অটোরিকশাচালক নিহতের ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র