সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের পাঁচ দিনব্যাপী শিক্ষা-সংস্কৃতি উৎসব

সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের ২১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত পাঁচ দিনব্যাপী শিক্ষা ও সংস্কৃতি উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। 

২১, ২২ ও ২৩ জুলাই সহজপাঠ ভবনেই হয়েছে চিত্র প্রদর্শনী, যেখানে প্রতিটি শিশুর আঁকা ছবি রয়েছে। অভিভাবকরা শিশুদের আঁকা বৈচিত্র্যময় ছবি দেখে বিমোহিত হয়েছেন। চিত্রশিল্পী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য এই প্রদর্শনী ঘুরে শিশুদের উদ্দেশ্যে মন্তব্য করে গিয়েছেন যে, বিদ্যালয়ের প্রতিটি শিশু তাদের অংশগ্রহণের মাধ্যমে এই উৎসবটিকে আড়ম্বরপূর্ণ করে তুলেছে।

২৪ ও ২৫ জুলাই বিকেল ৫টা থেকে বাংলা একাডেমির 'আব্দুল করিম সাহিত্য বিশারদ' মিলনায়তনে আয়োজিত হবে সাংস্কৃতিক উৎসব। ২৪ জুলাই বাংলা উৎসব এবং ২৫ জুলাই ইংরেজি উৎসব হবে—যেখানে বিশ্বসংস্কৃতির ছোয়া থাকবে। 

জারিগান, লোকগান, নাচ, ছড়া, পুঁথিপাঠ, ব্রতচারী, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকসহ নানা কিছুর সংমিশ্রণে উৎসবটি হবে মুখরিত। এছাড়াও শিশুদের আঁকা ছবি, গণিত ও সামাজিক বিজ্ঞানের দলীয় কাজের উপস্থাপনাও এই উৎসবে প্রদর্শিত হবে।

প্রতিটি শিশুর সৃজনশীল লেখা ও ছবি নিয়ে একটি বই বের করছে সহজপাঠ উচ্চ বিদ্যালয়। যেখানে শিশুদের নিজস্ব ভাবনার প্রতিফলন ঘটেছে। বইটির নাম 'ইচ্ছে ডানা'। এই বইয়ের মোড়ক উন্মোচন হবে ২৪ জুলাই। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন শিক্ষা প্রতিমন্ত্রী রবি হাজ্জাজ।

এই উৎসবটিকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।