সহকর্মীদের মধ্যে বিরোধ, থামাতে গিয়ে নিহত নির্মাণ শ্রমিক

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১০:৩১ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরে সহকর্মীদের মধ্যে বাধা মারামারি থামাতে গিয়ে সাকিব (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল আটটার দিকে কামরাঙ্গীরচর মাহাদিনগর ১৮ নম্বর রোডে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মনসুর আলী জানান, তারা নির্মাণাধীন ভবনটিতে রাজমিস্ত্রির কাজ করেন। সকালে তৃতীয় তলায় জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে মারামারি বাঁধে। তখন সাকিব এবং মনসুর তাদেরকে ছাড়াতে যান। তখন তাদের ধাক্কা লেগে শাকিব ফ্লোরে বালুর মধ্যে পড়ে যায়। সেখানেই অচেতন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে জানান। 

শাকিবকে মারধর করা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে মনসুর আলী বলেন, তাকে মারধরের কোন ঘটনা ঘটেনি। ধাক্কা লেগেই সে পড়ে গিয়েছে। তবে এই অল্পতেই কিভাবে সে মারা গেল; সেটি তাদেরও ধারণার বাইরে। 

মাহাদিনগর এলাকাতেই থাকত সাকিব। তার বাড়ি নোয়াখালী জেলায় বলে জানান সহকর্মীরা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত