মৌলভীবাজার

বেবিশপ থেকে শার্ট চুরি, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১

মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরে একটি বেবিশপ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ২০০ পিস শিশুদের শার্ট চুরির ঘটনা ঘটেছে। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাই ৯৯ পিস শার্ট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে কুলাউড়া উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে মো. ফখর উদ্দিন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দুপুর ১টা থেকে ২টার মধ্যে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারের মসজিদ মার্কেটে অবস্থিত ‘সোনারগাঁ বেবিশপ’-এর সামনে রাখা শিশুদের শার্টভর্তি একটি বস্তা চুরি হয়ে যায়। বস্তাটিতে বিভিন্ন সাইজের প্রায় ২০০ পিস শার্ট ছিল, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

১ ঘটনার পর দোকান মালিক থানায় লিখিত অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থল ও কুলাউড়া শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ অভিযুক্ত ফখর উদ্দিনকে শনাক্ত করে।

পরবর্তীতে কুলাউড়া উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে চুরিকৃত ৯৯ পিস শার্ট উদ্ধার করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় আগের অন্তত ছয়টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।