মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৪

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাওজদী বাজারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ সময় একটি মিষ্টির দোকানে ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে তিনজনকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ও বিকেলে সদর উপজেলার পূর্ব হাওজদী গ্রামের হাওজদী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— আব্দুর রশিদ মোল্লা (৭১), সরোয়ার হোসেন মোল্লা (৫০), মুরাদ মোল্লা (৪০) ও সফরজান বিবি (৬২)। তাদের মধ্যে আব্দুর রশিদ মোল্লা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। অপর তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলায় সফরজান বিবির দুটি দাঁত ভেঙে গেছে।

আহত মুরাদ মোল্লা জানান, তিন দিন আগে হাওজদী বাজারে বাবু খাঁ নামে এক ব্যক্তি তাকে ‘খাম্বা চোর’ বলে কটূক্তি করেন। এর প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষ তাদের মিষ্টির দোকানে এসে আবারও ঝগড়া শুরু করে। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলেও তারা দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

তার অভিযোগ, বিকেল সাড়ে ৫টার দিকে আব্দুর রহিম মোল্লার নির্দেশে বিল্লাল খান, গিয়াসউদ্দিন খাঁ, ছানোয়ার খাঁ, রাসেল খাঁ, লুবনা বেগমসহ ২০ থেকে ২৫ জন দেশীয় ধারালো অস্ত্র, দা, চাপাতি, চাইনিজ কুড়াল, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তাদের আহত করে। পাশাপাশি মিষ্টির দোকানে ভাঙচুর চালিয়ে বিভিন্ন মালামাল লুটপাট করে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন এবং সরোয়ার হোসেন মোল্লা, মুরাদ মোল্লা ও সফরজান বিবিকে হাসপাতালে ভর্তি করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘হাওজদী বাজারে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’