নন্দিত চলচ্চিত্র অভিনেত্রী ববিতার জন্মদিন উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ গান ‘আওয়ার ড্রিম গার্ল’। আগামী ৩০ জুলাই তার জন্মদিন উপলক্ষে ২৯ জুলাই রাতে ‘দ্য বেস্ট টোয়েন্টিফোর’ ইউটিউব চ্যানেলে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।
সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে গানটির গীতিকার ওমর ফারুক এবং সুর-সংগীত সংযোজন করেছেন শান সায়েক। শান সায়েকের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ, শাপলা পাল, জয়, রাইসা ও তানজিন মিথিলা।
মো. সামছুল হুদার পরিচালনায় গত ২২ জুলাই ববিতার গুলশানের বাসভবনে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ সম্পন্ন হয়। শুটিংয়ে ববিতার উপস্থিতি ও তাকে ঘিরে তৈরি গানটি পুরো আয়োজনকে আলাদা মাত্রা দেয়। ব্যতিক্রমী এই জন্মদিনের উপহারে অভিভূত হয়ে ববিতা পুরো টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন। আয়োজনে নেপথ্য সহযোগিতায় ছিল ‘আনন্দ মেলা’ ও ‘প্রিমিয়ার ট্যুরস অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড’।