সরকারি আমানতের জন্য নতুন নিয়ম

সরকারি নগদ ব্যবস্থাপনা ও ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টের (টিএসএ) স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি আমানতের তথ্য পাঠানোর ক্ষেত্রে নতুন অর্থনৈতিক খাত কোড বা আইডি সংযোজন করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার আমানতের তথ্য পৃথকভাবে চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে। নতুন এ নির্দেশনা জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা জারি করে। এর আগে ২৪ মার্চ ২০১৪ তারিখে জারি করা ডিওএস সার্কুলার লেটার নম্বর-১০-এর ধারাবাহিকতায় নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছ।

এতে বলা হয়েছে, সরকারি নগদ ব্যবস্থাপনা ও ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টের স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি আমানতের সম্পূর্ণ বিভাজিত তথ্য প্রয়োজন। এ জন্য নতুন কিছু অর্থনৈতিক খাত কোড বা আইডি তৈরি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি মালিকানাধীন অনার্থিক সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ, আমানত গ্রহণকারী নয় এমন সরকারি-বেসরকারি সংস্থা, অন্যান্য সরকারি আর্থিক প্রতিষ্ঠান, সরকারি বীমা কোম্পানি ও পেনশন তহবিলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমানতের তথ্য পৃথকভাবে সংগ্রহ ও পাঠাতে হবে।