ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ফল ব্যবসায়ী নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানের ধাক্কায় শুকুর আলী (৫০) নামের এক ফল ব্যাবসায়ী নিহত হয়েছেন। ভ্যান চালিয়ে স্থানীয় একটি কাঁচামালের আড়ৎ থেকে মানিকগঞ্জ শহরে যাওয়ার পথে মুন্সিগঞ্জগামী সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের সময় ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর কাচামালের আড়ৎ এর পাশে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতব্বর।

নিহত শুকুর আলী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কলমাইদ এলাকার জাহানবক্সের ছেলে। বর্তমানে তিনি ভাটবাউর কাচামালের আড়ৎ এ ফলের ব্যাবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ আনুমানিক দুপুর ১টা ১০মিনিটের সময় ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর কাচামালের আড়ৎ এর পাশে মুন্সিগঞ্জগামী সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান ফল বহন করা এক ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফল ব্যবসায়ীর মৃত্যু হয়। 

এ ঘটনায় সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানের চালক মিরাজ (২৪) ও হেলপার ইমদাদুল (২৬)কে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতব্বর বলেন, ভ্যান নিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। কাভার্ড ভ্যান সহ চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।