বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকার ‘সিএমএস মুগ ডাল কারখানা’র একটি কক্ষ থেকে দুর্জয় শাহ (৩০) নামের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় কারখানার ভেতরের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
কর্মচারী দুর্জয় পিরোজপুরের ব্রাহ্মণকুটি গ্রামের রবীনাথ সাহার ছেলে। তিনি গত এক বছর ধরে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
কারখানার অন্য কর্মচারীরা জানান, বৃহস্পতিবার বিকেলে কাজের ফাঁকে দুর্জয় নিজ কক্ষে প্রবেশ করেন। দীর্ঘ সময় কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে থানায় খবর দেওয়া হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা তা স্পষ্ট হবে।