গৌরনদীতে সরকারি টিফিনের রুটিতে ব্লেড: তদন্ত কমিটি গঠন

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৮:৩৯ পিএম

বরিশালের গৌরনদীতে হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর টিফিনের রুটির ভেতর ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটলে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রী আলমতাজের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

স্কুল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার টিফিন দেওয়ার পর প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ রুটি ছিঁড়ে খেতে গেলে ভেতরে গোটা একটি ধারালো ব্লেড দেখতে পায়। সে তাৎক্ষণিকভাবে বিষয়টি শ্রেণিশিক্ষক শারমিন জাহানকে জানায়। ভাগ্যক্রমে রুটিটি মুখে দেওয়ার আগেই ব্লেডটি নজরে আসায় কোনো অপ্রীতিকর দুর্ঘটনা বা শারীরিক ক্ষতি হয়নি।

বিষয়টি স্বীকার করে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) সাইফুন নাহার জানান, ঘটনাটি জানার পরই গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

এদিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম জানান, বৃহস্পতিবার সকালে তিনি নিজে স্কুলটি পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্কুল পরিদর্শনের পাশাপাশি ব্লেড পাওয়া রুটি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানিয়েছেন, বিষয়টি জানার পরেও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত না করায় প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে চিঠি দেওয়া হয়েছে।

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং করপোরেশন' এর প্রতিনিধি আরিফ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক শাহ আলম খান জানান, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামে একটি কোম্পানি থেকে স্কুলগুলোতে রুটি সরবরাহ করা হয়। কোম্পানি সম্পূর্ণ অটোমাটিকভাবে রুটি ম্যানুফ্যাকচারিং করে। সেখানে যদি কোনো মেটাল যায়, তা মিক্সিংয়ে ক্রাশ হয়ে যাওয়ার কথা। সেখানে এত বড় একটি আস্ত ব্লেড থাকার কথা নয়। তারপরও যদি রুটির মধ্যে কোনো মেটাল পাওয়া যায়, সেটা ওই কোম্পানির মেটাল ডিরেক্টর ভালো বলতে পারবেন।

কোমলমতি শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের খাবার নিয়ে এমন গাফিলতিতে ক্ষুব্ধ অভিভাবকরা সরকারি টিফিনের মান ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত