ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। সংসদ ভবনে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ এ কথা জানান।

হাফিজ উদ্দিন বলেন, ‘আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিন আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’

তিনি আরও বলেন, ‘একইভাবে ডেপুটি স্পিকারও যখন শপথ নেন, তখন শপথের অংশে বর্ণিত থাকে যে কোনো কারণে স্পিকারের চেয়ার শূন্য থাকলে ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন।’

সংবিধানের ৭৪ অনুচ্ছেদের ৩ দফায় বলা হয়েছে, ‘স্পিকারের পদ শূন্য হলে বা তিনি রাষ্ট্রপতিরূপে কার্য করলে কিংবা অন্য কোনও কারণে তিনি স্বীয় দায়িত্বপালনে অসমর্থ বলে সংসদ নির্ধারণ করলে স্পিকারের সব দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করবেন, কিংবা ডেপুটি স্পিকারের পদও শূন্য হলে সংসদের কার্যপ্রণালি-বিধি-অনুযায়ী কোনও সংসদ-সদস্য তাহা পালন করবেন; এবং সংসদের কোনও বৈঠকে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকলে সংসদের কার্যপ্রণালী-বিধি-অনুযায়ী কোনও সংসদ-সদস্য স্পিকারের দায়িত্ব পালন করবেন।’

১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করার পর কায়সাল কামালকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। তখন ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহিত নেন তিনি।