মুক্তির সাত দিনের মাথাতেই ১০০ কোটির ক্লাবে ক্রিস্টোফার নোলানের বহু প্রতীক্ষিত ছবি ‘দ্য ওডিসি’। ভারতে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০ কোটি টাকা ব্যবসার মাইলফলক স্পর্শ করে নজির গড়েছে। ‘ওপেনহাইমার’-এর পর এটিই নোলানের দ্বিতীয় ছবি, যা ভারতে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল। ২০২৬–এ ভারতে মুক্তি পাওয়া এখন পর্যন্ত সবথেকে সফল হলিউড ছবি এটি।
পুরো ছবিটি আইম্যাক্স ক্যামেরায় শুট করা হয়েছে। হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত এই ছবিতে ওডিসিয়াসের ট্রয় যুদ্ধের পর বাড়ি ফেরার দীর্ঘ ও রোমাঞ্চকর যাত্রার কাহিনি উঠে এসেছে। ছবিতে ম্যাট ডেমন, টম হল্যান্ড, অ্যান হ্যাথওয়ে, রবার্ট প্যাটিনসন, জ়েন্ডায়া এবং শার্লিজ থেরনের মতো তারকারা অভিনয় করেছেন।
এই সাফল্যের বিষয়ে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর ডেনজিল ডিয়াস বলেন, ‘১০০ কোটি টাকা পার হওয়া কেবল একটি সংখ্যা। এটি দর্শকদের আস্থার প্রতীক। দর্শকরা বারবার প্রেক্ষাগৃহে ফিরে এসে ছবিটিকে ঘিরে যে ভালোবাসা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।’ বর্তমানে ছবিটি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে এবং আইম্যাক্স স্ক্রিনগুলোতে সাফল্যের সঙ্গে প্রদর্শিত হচ্ছে।