বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসকে ‘বর্ণবাদী’ বললেন ট্রাম্প

ক্রীড়াঙ্গন ও রাজনীতির দ্বন্দ্ব যেন থামে না কখনোই। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বিস্ফোরক মন্তব্য ঘিরে এবার নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের বাস্কেটবল অঙ্গন। সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড় কে? এমন এক প্রশ্নের জবাবে দেশটির কিংবদন্তি তারকা লেব্রন জেমসকে নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তাঁর দাবি, লেব্রন হয়তো ‘বর্ণবাদী’ কিংবা ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করেন।

চলতি সপ্তাহে ৪১ বছর বয়সী লেব্রন ঘোষণা দিয়েছেন যে, ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে তিনি ফিলাডেলফিয়া সিক্সার্সের হয়ে কোর্টে নামতে চলেছেন। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে এই দলবদল ও সর্বকালের সেরা খেলোয়াড় প্রসঙ্গে মুখ খোলেন ট্রাম্প।

মাইকেল জর্ডান ও লেব্রন জেমসের তুলনা টানতে গিয়ে ট্রাম্প ষাটের কোঠায় থাকা জর্ডানকে নিজের ভালো বন্ধু উল্লেখ করে তার প্রশংসায় পঞ্চমুখ হন। এরপর লেব্রনকে নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্পের মন্তব্য, ‘আমি মনে করি লেব্রন... হয়তো সে একজন বর্ণবাদী, কিংবা হয়তো সে ট্রাম্পকে পছন্দ করে না। আমি জানি না। আমি কেবল সেই মানুষদেরই পছন্দ করি যারা আমাকে পছন্দ করে, তাই আমি পুরোপুরি মাইকেল জর্ডানের পক্ষেই আছি।’ 

ট্রাম্প ও লেব্রনের এই দ্বৈরথ নতুন কিছু নয়। এর আগে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন এই তারকা বাস্কেটবল খেলোয়াড়। অতীতে হিলারি ক্লিনটন, জো বাইডেন কিংবা কমলা হ্যারিসের মতো ডেমোক্রেট প্রার্থীদের প্রকাশ্য সমর্থন দিয়েছেন তিনি। ২০১৭ সালে হোয়াইট হাউসে চ্যাম্পিয়ন দলগুলোর আমন্ত্রণ নিয়ে বিতর্কের সময়ও ট্রাম্পের সমালোচনা লেব্রন।