ডলিকে বিয়ে করা নিয়ে ফের বোমা ফাটালেন রবি চৌধুরী

সাবেক স্ত্রী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীকে নিয়ে আবারও বোমা ফাটালেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী। তার প্রথম স্ত্রী ডলি সায়ন্তনীকে বিয়ে করাটা জীবনের মস্ত বড় ভুল ছিল বলে মন্তব্য করলেন এই গায়ক। একটি সেলিব্রিটি শো’তে এসে এভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন রবি চৌধুরী।  ‘এই এই  গায়ক বলেন, ‘আমার প্রথম বিয়েটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সুযোগ থাকলে আমি সেই অতীতকে পুরোপুরি মুছে ফেলতে চাইতাম। কিন্তু সেটি তো আর সম্ভব না। তাই সেই পচা অতীত নিয়ে এখন আর কথা না বলাই ভালো।’ 

নব্বইয়ের দশকের শেষভাগে ভালোবেসে আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীকে বিয়ে করেছিলেন রবি চৌধুরী। ২০০০ সালের দিকে একসঙ্গে বেশকিছু দ্বৈত গানে কণ্ঠ দেন তারা। কাজের সূত্র ধরেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং ২০০১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দাম্পত্য কলহের জেরে দ্রুতই ভেঙে যায় সেই সংসার। 

বিচ্ছেদের পর রবি চৌধুরীর কণ্ঠে ‘কাল নাগিনী’ গানটি বিভিন্ন স্টেজ শোতে ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘ঘুরাও দু নয়ন’ অ্যালবামের এই গানটি কি প্রাক্তন স্ত্রী ডলি সায়ন্তনীকে উদ্দেশ করেই তৈরি করা হয়েছিল?অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে রবি চৌধুরী রহস্য রেখে বলেন, ‘সবসময় তো আর বন্দুক দিয়ে মারতে হয় না, মাঝে মাঝে কলম দিয়েও মারা যায়। গানটি আমার নিজের লেখা। তবে কাকে নিয়ে গেয়েছিলাম, তা আর এখন না-ই বলি।’